শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতার স্বাদ পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা তাদের মূল অনুপ্রেরণা। সিপাহী-জনতার বিপ্লবের চেতনা ও জাতীয়তাবাদী দর্শনে উজ্জীবিত ছাত্রসমাজ সবসময় অন্যায়, নির্যাতন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ ও ওয়াসিম আকরামসহ যারা ন্যায়ের জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষায় প্রাণ দিয়েছেন, তারা ইতিহাসে অমর হয়ে থাকবেন। তাদের আত্মত্যাগ প্রমাণ করে, এ দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টের নয়; এটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের।
তিনি আরও বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময় ছিল দেশের জন্য বিভীষিকাময়। একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতাও হরণ করা হয়েছিল। ১৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তন ও নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে আসেন মেজর জিয়াউর রহমান। তার হাত ধরেই জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল।
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে দিল্লির কাছে মাথা নত করা হয়েছিল। শেখ হাসিনা সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তবে মুক্তিকামী ছাত্রসমাজ তা মেনে নেয়নি। কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলার প্রতিবাদে পুরো দেশ জেগে ওঠে এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করে।
রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিমন আলী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাককারুল ইসলাম, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








