পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে শিল্পী খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জহুরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। নিহত শিল্পী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে তার পরিবার ও পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের এরশাদনগর হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রাম থেকে শিল্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২১ বছর আগে একই গ্রামের বাহাদুর আলীর মেয়ে শিল্পীর সঙ্গে কালু প্রামাণিকের ছেলে জহুরুলের বিয়ে হয়। বিয়ের ১৩ বছর পর প্রথম স্ত্রীকে না জানিয়ে ঢাকার সাভারে দ্বিতীয় বিয়ে করেন জহুরুল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে শিল্পীকে বাড়িতে রেখে ঢাকায় চলে যান তিনি। তবে মাঝেমধ্যে বাড়িতে এসে টাকা দাবি করে স্ত্রীকে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
পরিবারের অভিযোগ, গত কয়েক দিন বাড়িতে ফিরে নেশার টাকার জন্য শিল্পীকে চাপ দিচ্ছিলেন জহুরুল। ঘটনার রাতে স্ত্রী ও ছোট মেয়ে মিথিলাকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। ভোররাতে টাকা চাওয়াকে কেন্দ্র করে শিল্পীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও নির্যাতনের একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করে জহুরুল পালিয়ে যান বলে অভিযোগ।
এ সময় ছোট মেয়ে মিথিলাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও জানা গেছে। পরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই শিপন আলী অভিযোগ করেন, নেশার টাকা না পেয়ে তার বোনকে রাতভর নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








