ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে, তাদের পরবর্তী পরিকল্পনা সংক্রান্তে তথ্য সংগ্রহের জন্য, পলাতক আসামিদের বর্তমান অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ ও গ্রেপ্তারের জন্য, অজ্ঞাতনামা আসামিদের শনাক্তের জন্য, তার আশ্রয় দাতা সংক্রান্ত তথ্য সংগ্রহ, তাদের বর্তমান আস্তানা কোথায়, কোথায় তারা বর্তমানে সভা-আলোচনা করে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন জানিয়ে তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
শুনানিকালে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবী আবু সাইদ সাগর তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








