নওগাঁর মহাদেবপুরে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রী কানিজ ফাতিমাকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী হাসানুজ্জামান আশিককে (২৯) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক।
আটক হাসানুজ্জামান আশিক উপজেলার বাগাচারা গ্রামের মৃত এবাদুল হকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর প্রেমের সম্পর্কের পর আশিকের সঙ্গে বিয়ে হয় কানিজ ফাতিমার। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পেয়ে কর্মস্থল চট্টগ্রামে চলে যান। তবে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কানিজকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো বলে পরিবার অভিযোগ করে।
পরিবারের অভিযোগ, চট্টগ্রামে কর্মস্থলে যাওয়ার পর স্ত্রী কানিজের প্রতি অবহেলা ও অনাগ্রহ দেখাতে শুরু করেন আশিক। একপর্যায়ে স্বামীর ব্যবহৃত মুঠোফোনে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ছবি দেখতে পান কানিজ। ওই নারীকে ধর্মবোন পরিচয় দিয়ে আশিক পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করেন তিনি। এ নিয়ে স্বামীর কাছে জানতে চাইলে কানিজের ওপর শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ স্বজনদের।
চলতি সপ্তাহে ছুটিতে বাড়িতে আসেন আশিক। সোমবার বিকেলে পরকীয়া সম্পর্কের বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক ও তার পরিবারের সদস্যরা কানিজকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাসানুজ্জামান আশিকসহ তিনজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা করেছেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক বলেন, ‘‘নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত আশিককে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তাকে নৌবাহিনীর দপ্তরে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








