বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাত্র কয়েক দিন পরই র্যাগিংয়ের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ। এরপর এক বছরের বহিষ্কারাদেশ। অথচ তদন্ত কমিটি তাদের বক্তব্য শোনেনি, আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়নি—এমন অভিযোগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কয়েকজন শিক্ষার্থী। তাদের প্রশ্ন, নিজেদের বক্তব্য জানানোর সুযোগ না দিয়েই কীভাবে শাস্তির সিদ্ধান্ত হলো?
র্যাগিংয়ের ঘটনায় বিভাগের ১৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তবে বহিষ্কৃত কয়েকজনের অভিযোগ, তদন্তপ্রক্রিয়ায় তাদের বক্তব্য উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে তদন্ত কমিটির আহ্বায়ক বলছেন, সাক্ষাৎকার ছাড়া কাউকে বহিষ্কার করা হয়নি।
১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় দুই শিক্ষার্থীকে দুই বছর এবং অন্য ১৫ জনকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দুই বছর বহিষ্কৃত শিক্ষার্থী হলেন সানি নেহালী ও সানাউল করিম।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের বহিষ্কৃত তিন শিক্ষার্থী সাদমান সাকিব ইরফান, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান ও শাহরিয়ার জুবায়ের ফাহিমের অভিযোগ, তদন্ত কমিটি তাদের সাক্ষাৎকার নেয়নি।
সাদমান সাকিব ইরফানের দাবি, তাকে একবারও জিজ্ঞাসাবাদ করা হয়নি। অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়েই শাস্তি দেওয়া হয়েছে। একই অভিযোগ রোহানের। তার ভাষ্য, কী কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, তা স্পষ্ট নয়। ভুলের দায় এড়াতে চান না, তবে ন্যায়বিচারের সুযোগ চান তিনি।
শাহরিয়ার জুবায়ের ফাহিমের দাবি, তদন্ত কমিটির দেওয়া নামের তালিকায় তার নামই ছিল না। তাকে কোনো ব্যাখ্যা দিতে বলা হয়নি। সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও আপিলের সুযোগ চান তিনি।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের বহিষ্কৃত দুই শিক্ষার্থী মো. মেহেদী হাসান ও মাহাথীর মোহাম্মদ জিসানও সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
মেহেদী হাসানের দাবি, তিনি নিজেও র্যাগিংয়ের শিকার। র্যাগিংয়ের বিরুদ্ধে ১৬ শিক্ষার্থীর করা মূল অভিযোগপত্রটি তার হাতে লেখা এবং তিনি প্রথম স্বাক্ষরকারী। শ্রেণি প্রতিনিধি (সিআর) হিসেবে সহপাঠীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করে তাঁকে অভিযুক্ত করা হয়েছে বলে দাবি তার।
অন্যদিকে মাহাথীর মোহাম্মদ জিসানের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ১১-১২ দিনের মাথায় তাকে এ ঘটনায় অভিযুক্ত করা হয়। তিনি র্যাগিংয়ে অংশ নেননি বা কাউকে উৎসাহিত করেননি। শুধু সিনিয়রদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের পরামর্শ দিয়েছিলেন। তার বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিয়ে তাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে বলে অভিযোগ তার। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ চান তিনি।
বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং ভিজিল্যান্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের স্বাক্ষরে ১১ আগস্ট তদন্ত উপকমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় অধ্যাপক ড. মো. জালাল উদ্দিনকে। অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মাহমুদা আক্তার এবং সদস্যসচিব মো. সালাউদ্দিন মোল্লা। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তির সুপারিশ করতে বলা হয়েছিল।
উপকমিটির ১৫ আগস্টের সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অভিযোগকারী ১৬ শিক্ষার্থীকে ১৭ আগস্ট সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। পরদিন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অভিযোগের আওতায় থাকা ১০ শিক্ষার্থীসহ ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের আরও ১২ শিক্ষার্থীকে ডাকার সিদ্ধান্ত হয়। ১৯ আগস্ট বিভাগীয় তদন্ত কমিটির সঙ্গে উপকমিটির সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়। তবে বহিষ্কৃত তিন শিক্ষার্থীর দাবি, তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি।
বিভাগের সভাপতি শরিফুল ইসলাম জুয়েল বলেন, বহিষ্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে তারা এখনো কোনো চিঠি পাননি। তদন্ত কমিটির পক্ষ থেকে যাদের ডাকা হয়েছিল, তাদের নিয়েই তারা সাক্ষাৎকারে গিয়েছেন। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগও দেননি। তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন বলেন, বহিষ্কৃত সব শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল। সাক্ষাৎকার ছাড়া কাউকে বহিষ্কার করা হয়নি। তদন্ত প্রতিবেদন সিলগালা করে প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। গোপনীয়তার কারণে এর বিস্তারিত জানানো সম্ভব নয়।
তদন্ত কমিটির বক্তব্যের সঙ্গে বহিষ্কৃত কয়েকজন শিক্ষার্থীর অভিযোগের স্পষ্ট বিরোধ তৈরি হয়েছে। একদিকে শিক্ষার্থীরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন, অন্যদিকে তদন্ত কমিটি বলছে, নিয়ম মেনেই সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এখন তদন্তপ্রক্রিয়ার স্বচ্ছতা ও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের জবাব খুঁজছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








