সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাসপূজা ও রাসমেলায় প্লাস্টিক, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য ক্ষতিকর সামগ্রীর ব্যবহার বন্ধসহ পরিবেশ সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে বন বিভাগের কাছে স্মারকলিপি দিয়েছে শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলামের কাছে স্মারকলিপি দেন কমিটির নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, ২২ থেকে ২৪ নভেম্বর দুবলারচরের আলোরকোলে রাসপূজা ও রাসমেলা অনুষ্ঠিত হবে। এতে বিপুলসংখ্যক পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটবে। এ সময় সুন্দরবনের পরিবেশ রক্ষায় নৌযান ও ট্রলারে প্লাস্টিক, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য সামগ্রী বহন নিরুৎসাহিত করা, প্লাস্টিকের থালা, চামচ ও গ্লাসের ব্যবহার বন্ধ এবং কাপড়ের ব্যাগ ও পুনর্ব্যবহারযোগ্য পানির বোতলের মতো পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে উৎসাহিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া মেলা প্রাঙ্গণ ও নৌযানে বর্জ্য সংগ্রহ ও নির্দিষ্ট স্থানে সংরক্ষণের ব্যবস্থা, বনজসম্পদ ও বন্যপ্রাণীর ক্ষতি হয় এমন কর্মকাণ্ড প্রতিরোধ এবং মেলা চলাকালে পরিবেশ সংরক্ষণে মাইকিং করার দাবিও জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন, গাবুরা ইউনিয়ন কমিটির সভাপতি খায়রুল ইসলাম মিলন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম ও শিক্ষক মো. এনামুল হকসহ অন্যরা।
সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, সুন্দরবন সুরক্ষায় স্মারকলিপিতে উল্লেখ করা বিষয়গুলো গুরুত্বসহকারে দেখা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








