মৌলভীবাজারের বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রচেষ্টা’র আয়োজনে এবং ‘ডিনেট’-এর সহযোগিতায় নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারী, চা-শ্রমিক, কৃষক, জেলে, তরুণ-যুবা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব বলেন, ‘‘বড়লেখার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ও হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, রাস্তাঘাট, বিদ্যুৎ ও মৌলিক অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে।’’ তরুণ-যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নকী খান বলেন, ‘‘সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের সমস্যা, চাহিদা ও দাবিগুলো তুলে ধরেছেন। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে চা-বাগানের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা ও পড়াশোনার প্রতি আরও গুরুত্ব দিতে হবে।’’
নাগরিক সমন্বয় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময় বলেন, ‘‘স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে নারী, তরুণ-যুবা, চা-শ্রমিক ও অন্যান্য প্রান্তিক মানুষের কণ্ঠস্বর স্থানীয় উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকরভাবে সম্পৃক্ত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। টাউন হল সভা স্থানীয় জনগণের চাহিদা ও উন্নয়ন অগ্রাধিকার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ ক্ষেত্র।’’
প্রকল্পের উপজেলা সমন্বয়ক শামিম আহমেদ ও মুক্তা রাণীর যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামালুদ্দীন, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব এবং কৃষি উপসহকারী আহমদ ছাকিব চৌধুরী।
সভায় বড়লেখার উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন প্রকল্পের উপজেলা সমন্বয়ক শামিম আহমেদ। তিনি জলবায়ু ঝুঁকি ও দুর্যোগ প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন, বাঁধ ও খাল সংস্কার, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, যুব কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, নারীর নিরাপত্তা এবং স্থানীয় উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব দেন।
পরে উন্মুক্ত নাগরিক সংলাপে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। এ সময় সম্ভাব্য সমাধান এবং সরকারি সেবা পাওয়ার সুযোগ নিয়েও মতবিনিময় হয়।
উল্লেখ্য, ডিনেটের মাধ্যমে বাস্তবায়িত নাগরিক সমন্বয় প্রকল্পটি মৌলভীবাজারের কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় প্রকল্পটি সুইজারল্যান্ডের সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হচ্ছে। ফান্ডটি ব্যবস্থাপনা করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









