মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করা হলে প্রতিহত করার ঘোষণা দিয়ে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, ‘‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বা আমাদের দেশকে বা দেশের সাধারণ মানুষকে যারা বিপদে ফেলতে চায় তাদেরকে প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীর সমর্থকেরা প্রতিনিয়ত রাজপথে থাকবে।’’
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে অনুষ্ঠিত মোটরসাইকেল র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য বলেন, ‘‘সকলে মিলে শান্তিপূর্ণভাবে একসাথে থাকতে চাই। কিন্তু কেউ যদি কোনো সংঘাত সহিংসতা উস্কানিতে পা দেন, তবে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। জনগণের জানমাল বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে। তবে কেউ যদি কোন ধরনের সহিংসতার সাথে সম্পৃক্ত না থাকেন তাদেরকে কোনো ধরনের হয়রানি করা হবে না।’’
তিনি আরও বলেন, ‘‘বিএনপির নেতাকর্মী সমর্থকরা রাজপথে আছে এবং আগামীতেও তারা রাজপথে থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।’’
এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









