কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপি নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে ভুলতা এলাকা থেকে মিছিলটি বের হয়। ভুলতা ও গোলাকান্দাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি গাউছিয়া চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সালাহউদ্দিন দেওয়ান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাড়িঘরে হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। নিরাপত্তার অভাবে অনেকে নিজ বাড়িতেও থাকতে পারেননি। অথচ বিএনপি সরকার গঠনের পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িতে হামলা বা কাউকে মারধরের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। কেউ অগ্নিসংযোগ, সহিংসতা কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই সবার প্রত্যাশা। তবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
সমাবেশে বক্তারা সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি রূপগঞ্জের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








