বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের দুটি পৃথক স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। একটি স্থানে বাঁশের চেরা বোঝাই ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। অন্যস্থানে মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে তাতে আগুন দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন।
অন্যদিকে, একই মহাসড়কের খাঞ্জাপুরের ফকিরবাড়ি এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে মহাসড়কে চলাচলকারী যানবাহনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আগামী ১৯ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো তৎপরতা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








