পাবনার চাটমোহরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইউএনও খালিদ হাসান। এ সময় তিনি চাটমোহর উপজেলায় দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নাগরিক দুর্ভোগের বিষয় তুলে ধরেন। আলোচনায় বড়াল নদ থেকে বর্জ্য অপসারণ করে নদটিকে বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা, পৌর পার্ক ও মুক্তমঞ্চ নির্মাণ, মাদকদ্রব্য প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা এবং উপজেলার বিভিন্ন স্থানে চোলাই মদ উৎপাদন ও বিপণন বন্ধের দাবি জানানো হয়।
এ ছাড়া স্কুল-কলেজের সামনে বখাটেদের উৎপাত বন্ধ, অবৈধ পুকুর খনন ও ইটভাটার বিরুদ্ধে অভিযান, হান্ডিয়ালের রাস্তা নির্মাণকাজে নজরদারি বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে তদারকি জোরদার, পৌর সদরের ময়লার ভাগাড় উচ্ছেদ এবং নিয়মিত ডাস্টবিন পরিষ্কারের ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন সাংবাদিকরা।
সভায় বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস. এম. হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, আজকের পত্রিকা প্রতিনিধি তুষার ভট্টাচার্য, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি, সাংবাদিক মাসুদ রানা এবং প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সোনা প্রমুখ।
এ সময় চাটমোহরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, ‘‘চাটমোহর উপজেলাকে মাদকমুক্ত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








