বরিশালে আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার অবস্থান শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতে সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় তাঁর বাসা। বুধবার দুপুর পর্যন্ত তিনি বাসা কিংবা কর্মস্থলে ফেরেননি।
বরিশাল জেলা আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান জানান, মঙ্গলবার রাত থেকে বিচারক নাদিমের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সহকর্মীরা হাসপাতাল, হোটেলসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
আদালতের ল্যান্ড ও ভিপি মামলার বেঞ্চ সহকারী মো. রাসেল সিকদার জানান, মঙ্গলবার মাগরিবের নামাজের পর আদালত থেকে বের হন বিচারক নাদিম। এরপর তিনি বাসায় ফেরেননি। রাতে বাসায় না ফেরায় তার স্ত্রী বিষয়টি এক বিচারককে জানান। বুধবার সকাল ১০টায় আদালতে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আসেননি।
বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হাফিজ আহমেদ বাবলু জানান, মঙ্গলবার রাতে নগরের গির্জামহল্লা রোডের কসাই মসজিদে এশার নামাজ আদায় করেন শেখ ফারহান নাদিম। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন। সিসিটিভি ফুটেজে বিচারককে নগরের আমতলার মোড় পর্যন্ত রিকশায় যেতে দেখা গেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ মঙ্গলবার রাত থেকেই তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আদালত থেকে রিকশায় বের হয়ে তিনি সদর রোডের একটি পোশাকের শোরুমে যান। সেখান থেকে গির্জামহল্লা রোডের জামে কসাই মসজিদে গিয়ে এশার নামাজ আদায় করেন। পরে রাত ১০টার দিকে তাকে বাংলাবাজার এলাকায় দেখা যায়। এরপর তাঁর অবস্থান শনাক্ত করা যায়নি।
ওসি আরও বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। ফলে মোবাইলের অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করেও তাঁর অবস্থান জানা সম্ভব হচ্ছে না। নিখোঁজ বিচারকের সন্ধানে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








