বর্ষার পানি নেমে যাওয়ার পর চলনবিলের কাদামাটিতে সারি সারি রসুনের কোয়া রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জমিতে হালচাষ ছাড়াই কাদামাটির ওপর রসুনের কোয়া রোপণের এ পদ্ধতি স্থানীয়ভাবে ‘বিনা হালে রসুন চাষ’ নামে পরিচিত। কম খরচে ও কম সময়ে আবাদ করা যায় বলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতি। ভালো ফলন ও বাজারদরের প্রত্যাশায় ‘সাদা সোনা’খ্যাত রসুন চাষ ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন চলনবিলের কৃষকেরা।
দেশে রসুন উৎপাদনের অন্যতম প্রধান অঞ্চল চলনবিল। এ অঞ্চলের পলিমাটিতে উৎপাদিত রসুনের চাহিদা রয়েছে দেশজুড়ে। বর্ষার পানি নেমে যাওয়ার পর জমিতে কাদা থাকা অবস্থায় হালচাষ ছাড়াই রসুনের কোয়া রোপণ শুরু করেন কৃষকেরা। দীর্ঘদিনের এ চাষপদ্ধতি চলনবিল অঞ্চলের কৃষিতে বিশেষ পরিচিতি তৈরি করেছে।
চলতি মৌসুমে চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রসুন আবাদ হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ। রান্নার অপরিহার্য উপকরণ হিসেবে ব্যবহারের পাশাপাশি চিপস, আচার ও ওষুধশিল্পেও রসুনের ব্যবহার রয়েছে। দেশ-বিদেশে চাহিদা এবং ভালো বাজারদরের সম্ভাবনায় এ ফসল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। শুধু চাটমোহর উপজেলাতেই গত তিন বছরে প্রায় এক হাজার হেক্টর জমিতে রসুনের আবাদ বেড়েছে।
সরেজমিনে উপজেলার ছাইকোলা, বিলচলন, নিমাইচড়া, হরিপুর, ডিবিগ্রাম, মূলগ্রাম ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে চলছে রসুন রোপণের কর্মযজ্ঞ। বাড়ির নারীরা বীজ রসুনের কোয়া ছাড়িয়ে রোপণের উপযোগী করছেন। পরে নারী-পুরুষ মিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদামাটির জমিতে রসুনের কোয়া বিছিয়ে দিচ্ছেন।
এ পদ্ধতিতে জমি চাষের প্রয়োজন হয় না। কাদামাটির ওপর রসুনের কোয়া রোপণের পর মাটির আর্দ্রতা ধরে রাখতে এবং রোদ থেকে রক্ষা করতে জমির ওপর বিছিয়ে দেওয়া হয় ধানের খড় কিংবা কচুরিপানা। সময়ের সঙ্গে এসব পচে জৈব সারে পরিণত হয়, যা মাটির উর্বরতা ও স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে। এতে জমি চাষের খরচ ও সময় দুটোই সাশ্রয় হয় বলে জানান কৃষকেরা।
বিলচলন ইউনিয়নের কৃষক হাজী শহীদ পরামানিক বলেন, মূলত সময় বাঁচাতেই তাঁরা বিনা হালে রসুন চাষ করেন। বর্ষার পানি নেমে যাওয়ার পর জমি চাষের উপযোগী হতে দেরি হলে রসুন রোপণও পিছিয়ে যায়। তাই কাদামাটিতে হাল না দিয়েই রসুনের কোয়া রোপণ করেন তাঁরা। এতে জমি চাষ ও শ্রমিকের খরচ কম লাগে।
মূলগ্রাম ইউনিয়নের কৃষক ইকরাম হোসেন এ বছর পাঁচ বিঘা জমিতে রসুনের আবাদ করেছেন। তিনি বলেন, তাঁর জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষ শ্রমিকেরা কাজ করছেন। বর্তমানে পুরুষ শ্রমিকের দৈনিক মজুরি ৭০০ টাকা এবং নারী শ্রমিকের ৫০০ টাকা। আগামী এক সপ্তাহের মধ্যে রসুন রোপণ শেষ করার আশা করছেন তিনি। ফলন ও বাজারদর ভালো হলে এবার ভালো লাভের প্রত্যাশা তাঁর।
ডিবিগ্রাম ইউনিয়নের কৃষক হোসেন আলী এ বছর সাত বিঘা জমিতে বিনা হালে রসুন চাষ করেছেন। গত কয়েক বছর ভালো ফলন ও দাম পাওয়ায় এবার দুই বিঘা জমিতে আবাদ বাড়িয়েছেন তিনি। ভবিষ্যতেও ভালো দাম পেলে রসুন চাষের পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান বলেন, চাটমোহরের অন্যতম প্রধান অর্থকরী ফসল রসুন। এখানকার উৎপাদিত রসুন দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। গত কয়েক বছরে ভালো ফলন ও বাজারদর পাওয়ায় কৃষকদের মধ্যে রসুন চাষের আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৫০ হেক্টর বেশি জমিতে রসুনের আবাদ হতে পারে বলে আশা করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, চলতি মৌসুমে চাটমোহরে চার হাজার ৭০০ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় পেঁয়াজ-রসুন সংরক্ষণাগার স্থাপনের ফলে কৃষকেরা উৎপাদিত ফসল সংরক্ষণের সুযোগ পাচ্ছেন, যা তাঁদের লাভবান হতে সহায়তা করছে। রসুনসহ সরিষা ও অন্যান্য রবিশস্যের আবাদ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সার সরবরাহ এবং মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে নিয়মিত উঠান বৈঠক ও কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রয়েছে।
সব মিলিয়ে চলনবিলের কাদামাটিতে বিনা হালে রসুন চাষ ঘিরে কৃষকদের ব্যস্ততা এখন তুঙ্গে। অনুকূল আবহাওয়া, ভালো ফলন ও ন্যায্যমূল্য নিশ্চিত হলে এ অঞ্চলের কৃষকের ঘরে ঘরে উঠবে ‘সাদা সোনা’র সাফল্য—এমন প্রত্যাশা তাঁদের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








