দেশের তৈরি পোশাকশিল্প আবারও গভীর অস্থিরতার মুখে। একদিকে ন্যায্য মজুরি, বকেয়া বেতন পরিশোধ, কাজের চাপ কমানো ও কর্মক্ষেত্রে মর্যাদা নিশ্চিত করার দাবিতে শ্রমিকদের আন্দোলন; অন্যদিকে উৎপাদন ব্যাহত হওয়ার অজুহাতে কারখানা বন্ধের হুমকি দিচ্ছেন মালিকরা। মালিক ও শ্রমিকদের এমন পাল্টাপাল্টি অবস্থান দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
ইতিমধ্যে ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ এবং ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার ঘটনা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে। প্রশ্ন হচ্ছে, আন্দোলন বন্ধ না হলে কারখানা বন্ধ—এই কঠোর অবস্থান কি সংকটের সমাধান, নাকি পরিস্থিতিকে আরো জটিল করে তোলার পথ? পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষ নতুন নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকদের আয় বাড়েনি—এমন অভিযোগ দীর্ঘদিনের। ফলে ন্যায্য মজুরির দাবি তাঁদের জীবনের বাস্তব প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত। শ্রমিকরা উৎপাদনের প্রধান শক্তি।
তাঁদের শ্রম ও দক্ষতার ওপর দাঁড়িয়েই দেশের পোশাকশিল্প আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে। অথচ সেই শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশের প্রশ্ন উপেক্ষিত থাকলে শিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আশা করা যায় না। অন্যদিকে মালিকদের উদ্বেগও পুরোপুরি অমূলক নয়। কারখানায় উৎপাদন বন্ধ থাকা, সড়ক অবরোধ, ভাঙচুর ও সহিংসতা শিল্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ, রপ্তানি আদেশ বাস্তবায়ন এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তবে এ বাস্তবতার অজুহাতে সব শ্রমিককে এক কাতারে ফেলে কারখানা বন্ধ করে দেওয়া কোনো গ্রহণযোগ্য সমাধান হতে পারে না।
বিশেষ করে যেসব কারখানায় শ্রমিকদের নিজস্ব কোনো অসন্তোষ বা আন্দোলন নেই, সেগুলো বন্ধ হলে নিরপরাধ শ্রমিকরাও আর্থিক ক্ষতির শিকার হন। শ্রমআইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের সিদ্ধান্ত শ্রমিকদের জন্য নতুন সংকট তৈরি করতে পারে। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে গিয়ে তাঁরা যদি কর্মহীন হয়ে পড়েন এবং আয় হারান, তাহলে তাঁদের জীবন আরো দুর্বিষহ হবে। মনে রাখতে হবে, শ্রমিকের জীবিকা ও পরিবারের ভরণপোষণের প্রশ্নটি কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। একইভাবে আন্দোলনের নামে ভাঙচুর, সহিংসতা ও জনদুর্ভোগ সৃষ্টি করাও সমর্থনযোগ্য নয়। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে সহিংসতা ও বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখতে হবে। কোনো পক্ষের উসকানিতে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে ব্যাপারেও সতর্ক থাকা জরুরি।
বর্তমান সংকট নিরসনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সরকার ও নিম্নতম মজুরি বোর্ডকে। শ্রমিক ও মালিক—উভয় পক্ষের বক্তব্য ও বাস্তবতা বিবেচনায় নিয়ে দ্রুত একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে। শ্রমিকদের প্রস্তাবিত ৩২ হাজার টাকা মজুরির দাবিকে গুরুত্ব দিয়ে জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন।
একই সঙ্গে কারখানাভিত্তিক বকেয়া বেতন, কর্মক্ষেত্রে অসদাচরণ ও অতিরিক্ত কাজের চাপের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে সমাধান করতে হবে। সরকারকে নিশ্চিত করতে হবে, শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে কোনো পক্ষ যেন অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বা চাকরিচ্যুত করতে না পারে। বন্ধ কারখানাগুলো দ্রুত চালুর পরিবেশ তৈরি করতে হবে। মালিকদেরও আলোচনার টেবিলে আন্তরিকভাবে বসতে হবে। শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি কারখানার নিরাপত্তা এবং উৎপাদনের পরিবেশ বজায় রাখা জরুরি।
মনে রাখতে হবে, শ্রমিক ও মালিক পরস্পরের প্রতিপক্ষ নন; বরং একই শিল্পের অপরিহার্য অংশীদার। এক পক্ষের ক্ষতি অন্য পক্ষের জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনতে পারে না। আন্দোলন বন্ধের শর্তে কারখানা চালু রাখা কিংবা কারখানা বন্ধের হুমকি দিয়ে শ্রমিকদের দাবিকে উপেক্ষা করা—কোনোটিই টেকসই পথ নয়। প্রয়োজন পারস্পরিক আস্থা, দায়িত্বশীলতা ও কার্যকর সংলাপ। দেশের অর্থনীতি, রপ্তানি আয় এবং লাখো শ্রমিকের জীবিকা রক্ষায় এখনই সমঝোতার উদ্যোগ নিতে হবে। কারখানা বন্ধ নয়, শ্রমিকের অধিকার হরণ নয়—প্রয়োজন ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং উৎপাদন অব্যাহত রাখার সম্মিলিত অঙ্গীকার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








