দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। পরে দুদকের উপপরিচালক সুমিত্রা সেনের নেতৃত্বাধীন দুই সদস্যের অনুসন্ধান দল তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
দুদক সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর মেঘনা আলমকে হাজির হওয়ার জন্য তলবি চিঠি পাঠানো হয়েছিল। দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর বক্তব্য নেওয়া হচ্ছে।
সূত্র জানায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে এসব অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে অনুসন্ধানের স্বার্থে তাঁকে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলা হয়।
মেঘনা আলম একাধারে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। এ ছাড়া তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ঢাকা-৮ আসন থেকে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মেঘনা আলম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








