রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে প্রথমবারের মতো হার্ট অ্যাটাকের পর কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত এক মুমূর্ষু রোগীর সফল প্রাইমারি পিসিআই (জরুরি এনজিওপ্লাস্টি ও রিং স্থাপন) সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতায় মৃত্যুঝুঁকিতে থাকা ওই রোগীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
গত মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এ জরুরি চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। রোগীর নাম কাজল (৫৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। ধূমপান ও উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকা কাজলের হঠাৎ তীব্র বুকব্যথা শুরু হয়। হাসপাতালে আসার মাত্র এক ঘণ্টা আগে এ সমস্যা দেখা দেয়।
হাসপাতালে নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। একপর্যায়ে রক্তচাপ নেমে আসে ৬০/৪০ মিমি পারদে। ইসিজি পরীক্ষায় তাঁর তীব্র হার্ট অ্যাটাক বা অ্যাকিউট ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন শনাক্ত হয়। পাশাপাশি তিনি কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত ছিলেন। এতে তাঁর জীবন নিয়ে চরম শঙ্কা তৈরি হয়।
এমন সংকটাপন্ন পরিস্থিতিতে সময়ক্ষেপণ না করে রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা দ্রুত তাঁকে ক্যাথল্যাবে নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে ডা. রেজাউল ইসলাম, ডা. আব্দুল মালেক, ডা. সাইফুল ও ডা. রাশেদসহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল জরুরি প্রাইমারি পিসিআই সম্পন্ন করেন। এ সময় সফলভাবে এনজিওপ্লাস্টি ও রিং স্থাপন করা হয়।
হাসপাতালটির মুখপাত্র ডা. শেখ শামীম জানান, চিকিৎসা শেষে রোগীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল ও ব্যথামুক্ত রয়েছেন। তাঁর রক্তচাপ ৬০/৪০ থেকে বেড়ে ১২৫/৮০ মিমি পারদে উন্নীত হয়েছে।
রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এ সাফল্য উত্তরবঙ্গের হৃদরোগ চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বিশেষ করে হার্ট অ্যাটাকের পর কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জরুরি চিকিৎসাসেবা প্রদানে এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








