মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।
কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা, দেশে ফেরার পর কারা হেফাজতে রাখা এবং আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য সাত দফা প্রস্তাব দেওয়া হয়েছে নোটিশে।
বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে নোটিশে বিবাদী করে পাঠানো হয়েছে।
নোটিশে আইনজীবী উল্লেখ করেন, তিনি কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়ে এ উদ্যোগ নেননি। বরং সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে নির্দলীয় ও নিরপেক্ষ অবস্থান থেকে এ নোটিশ দিয়েছেন।
নোটিশে শেখ হাসিনার ভারতে দীর্ঘদিন অবস্থানের কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য সম্পর্কে তাঁর জানাশোনা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে তাঁর দীর্ঘ অবস্থান এসব তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।
এ ছাড়া ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি ও ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উদাহরণ তুলে ধরে নোটিশে বলা হয়, ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানের প্রতিবেশী বা অন্য কোনো রাষ্ট্রে দীর্ঘ অবস্থান কখনো কখনো আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়াতে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক বৈরিতা এবং সশস্ত্র সংঘাতের ঝুঁকি এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মত দেন নোটিশদাতা।
১৫ দিনের সময়, রিটের হুঁশিয়ারি-
লিগ্যাল নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে নোটিশদাতাকে লিখিতভাবে অবহিত করার দাবি জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে রাষ্ট্রীয় গোপনীয়তা, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং সংবিধান প্রদত্ত অধিকার সমুন্নত রাখার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।
তাকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার এরইমধ্যে ভারতকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ভারতের পক্ষ থেকে বিষয়টি আইনি প্রক্রিয়া ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে এখনো তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








