ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আটক করা হয়েছে কয়েকজনকে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
সকাল মালেকের বাড়ি ও ডেগেরচালা সড়ক এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি গাড়িতে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিনের শ্রমিক আন্দোলনে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকটি স্থানে পুলিশের বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগের অভিযোগও রয়েছে। বুধবার গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় উপপুলিশ কমিশনারের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় শিল্পাঞ্চলের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার প্রায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গতকালের তথ্য অনুযায়ী, ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে গতকাল ছুটি ঘোষণা করা অনেক কারখানায় বুধবার উৎপাদন শুরু হয়েছে এবং শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তায় ২৬ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা। মোতায়েন করা বাহিনীর মধ্যে রয়েছে ১৩ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন আনসার ও আট প্লাটুন এসআরবি।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. সোহেল রানা বলেন, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এসব বাহিনী মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। বিজিবি সদস্যরা ইতোমধ্যে মাঠে অবস্থান নিয়েছেন। অন্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








