দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে রাজধানী ঢাকায় এসে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে এসব ব্যক্তির সম্ভাব্য আশ্রয়স্থলে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পর অনেকে ঢাকায় এসে আত্মগোপন করছেন। তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে নিয়াজ মেহেদী বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। যারা ঢাকায় আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে রয়েছেন, তাদের আটক করতে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।
তিনি জানান, রাজধানীতে নাশকতা ঠেকাতে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। নাশকতার উদ্দেশ্যে কেউ বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীতে নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা প্রসঙ্গে নিয়াজ মেহেদী বলেন, এসব স্থাপনাকে কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আগাম পরিকল্পনা অনুযায়ী সেখানে পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চালানো হচ্ছে।
সাইবার স্পেসেও পুলিশের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।
এদিকে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়। নাশকতাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








