বরিশাল নগরীতে ভোররাতে পৃথক দুটি স্থানে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মসজিদ গেটের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় নৈশপ্রহরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভান। ভবনটির নিচতলায় ব্যাংকের এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট বিভাগের কার্যক্রম পরিচালিত হয়।
প্রায় একই সময়ে বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কে ৭ থেকে ৮ জনের একটি দল পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারাও দ্রুত পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম জানান, স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল আল আমীন জানান, গ্রামীণ ব্যাংক ভবনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়ে তাদের জানানো হয়নি। তাই ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








