সন্তানের ভরণপোষণের টাকা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ।
নিহত সুমাইয়া শহরের কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে। অভিযুক্ত মেরাজ জেলা সদরের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে। তিনি পেশায় দিনমজুর।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে সুমাইয়া ও মেরাজের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের জেরে ২০২৩ সালের নভেম্বরে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতে বসবাস করতেন সুমাইয়া।
বিচ্ছেদের পর সন্তানের ভরণপোষণের টাকা চেয়ে আদালতের দ্বারস্থ হয় সুমাইয়ার পরিবার। আদালত সন্তানের খরচ বাবদ মেরাজকে অর্থ পরিশোধের নির্দেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলেও আগের নির্দেশ বহাল থাকে। তবে ভরণপোষণের টাকা দেওয়া নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বিরোধ ও বাগ্বিতণ্ডা হতো।
বুধবার সকালে ছয় বছর বয়সী ছেলেকে স্কুল থেকে আনতে শহরের কলাবাগান এলাকার বাবর আলী মোড়ে যান সুমাইয়া। সেখানে মেরাজের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেরাজ ইট দিয়ে সুমাইয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ধস্তাধস্তিতে মেরাজের মাথার পেছনেও ইটের আঘাত লাগে। পরে স্থানীয়রা সুমাইয়াকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা মেরাজকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহতের ভাই রাতুল হোসেন অভিযোগ করে বলেন, বিচ্ছেদের পর সন্তানের ভরণপোষণের জন্য আদালতে মামলা করা হলে মেরাজকে টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু টাকা দেওয়ার ভয়ে মেরাজ কয়েকবার তাঁর বোনকে হত্যার চেষ্টা করেছেন। এবার তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফা আশরাফী আইভি জানান, সুমাইয়াকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তাঁর শরীর, হাত, পা ও মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।
অন্যদিকে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় অভিযুক্ত মেরাজ দাবি করেন, তিনি সুমাইয়াকে মারধর করেননি। ছেলেকে দেখতে সেখানে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করে আদালতের মাধ্যমে সন্তানের ভরণপোষণ বাবদ মাসে ৬০ হাজার টাকা এবং প্রতিবছর ৮০০ টাকা বাড়ানোর নির্দেশ নেওয়া হয়েছে। স্বল্প আয়ের কারণে এত টাকা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। এ ছাড়া সুমাইয়ার স্বজনেরা তাঁকে মারধর করে ফাঁসিয়েছেন বলে অভিযোগ করেন মেরাজ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, সন্তানের ভরণপোষণের টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত মেরাজকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








