শ্রমিক আন্দোলন ও অসন্তোষের জেরে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ২৫টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) নতুন করে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছেন।
এদিকে, সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে, আশুলিয়ার আরও ১২টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরেই অবস্থান করছেন।
বুধবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, সকাল থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। সকালে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা উৎপাদন শুরু না করেই হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে যান। এ ছাড়া ১২টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন।
পুলিশ সুপার জানান, শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসায় বুধবার ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে মঙ্গলবার থেকে ১৩টি কারখানা বন্ধ রয়েছে। সব মিলিয়ে বর্তমানে ২৫টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, যেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, সেগুলোতে উৎপাদন স্বাভাবিকভাবে চলছে। বর্তমানে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই এবং সড়কেও যান চলাচলে কোনো বাধা নেই।
কারখানা থেকে শ্রমিকদের বেরিয়ে আসা প্রসঙ্গে মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কয়েকটি কারখানার শ্রমিকরা বাইরে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








