কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত।
সদর উপজেলা বিএনপি আয়োজিত এ কর্মসূচির সমন্বয় করেন জেলা বিএনপির সাবেক স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চাঁন।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এর অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও সংসদ সদস্যের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে আগামী ১৯ তারিখে লকডাউনের নামে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার আহ্বান জানান তারা। এ জন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রাতের বেলা পাহারা দেওয়ার কথাও বলেন বিএনপি নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








