দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মতনির্বিশেষে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা এবং বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো সব গণতান্ত্রিক শক্তিকে আবারও একমঞ্চে দাঁড়াতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার যখন সংসদে আলোচনার মাধ্যমে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই পতিত, পলাতক ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এই ষড়যন্ত্র মোকাবিলায় গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ অবস্থান জরুরি।
ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে, যেখানেই থাকুক, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশের বাইরে বিভিন্ন স্থানে রাজনৈতিক ব্যক্তিদের লাঞ্ছিত করার চেষ্টা এবং ইতালিতে এক নারী শিল্পীর ওপর হামলার ঘটনাও তাদের চরিত্রের প্রমাণ।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির পলাতক নেত্রী সন্ত্রাসীদের দিয়ে গণতান্ত্রিক মানুষের বাড়িঘরে আগুন দেওয়ার এবং হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়; বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী।
তিনি বলেন, যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারা দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণঅভ্যুত্থান কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য করেনি।
সংসদে প্রতিনিধিত্বকারী প্রতিটি গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরে থাকা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়াতে হবে।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’ স্লোগান স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তাবেদার অপশক্তির বিরুদ্ধে সেই প্রতিবাদী আওয়াজ আবারও তুলতে হবে। বাংলাদেশের জনগণ কোনোভাবেই গোলামির জিঞ্জির হাতে থাকা অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না।
তিনি আরও বলেন, ২০২৪ সালে যেভাবে পতিত স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, একই চেতনায় আবারও তাদের ষড়যন্ত্র ও পুনরুত্থানের চেষ্টা প্রতিহত করতে হবে।
এর আগে বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। মন্ত্রীদের প্রশ্নোত্তর ও আইন প্রণয়ন কার্যাবলি শেষে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পাঠানো সংসদ অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








