রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সময়মতো অফিসে না এলে শাস্তিমূলক ব্যবস্থা: সিসিক প্রশাসক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

সময়মতো অফিসে না এলে শাস্তিমূলক ব্যবস্থা: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব গ্রহণের পরদিনই কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরাসরি উদ্যোগ নেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আটটা ৫০ মিনিটে তিনি নগর ভবনের প্রধান ফটকে চেয়ার পেতে বসে সিটি করপোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিজে যাচাই করেন।

সকালে নগর ভবনের প্রবেশপথে প্রশাসককে বসে থাকতে দেখে কাজে যোগ দিতে আসা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিস্ময় দেখা যায়। এরপর সকাল ৮টা ৫৪ মিনিটে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সেখানে উপস্থিত হয়ে প্রশাসকের পাশে বসেন।

সকাল ৯টার পর যেসব কর্মকর্তা-কর্মচারী নগর ভবনে প্রবেশ করেন, তাদের সঙ্গে কথা বলেন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি সরকারি নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, রমজান মাসে সকাল ৯টার মধ্যে কার্যালয়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এ সময় তিনি প্রধানমন্ত্রীর নিয়ম মেনে সময়ানুবর্তিতার বিষয়টিও উল্লেখ করেন।

এরপর সকাল ৯টা ১০ মিনিটে প্রশাসক প্রধান নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে নিজ কার্যালয়ে যান এবং সেখান থেকে নগর ভবনের বিভিন্ন বিভাগ পরিদর্শন শুরু করেন। বাজার শাখা, পানি শাখা, প্রকৌশল শাখা ও স্বাস্থ্য শাখা পরিদর্শনকালে তিনি কয়েকটি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি লক্ষ্য করেন। এ বিষয়ে অনুপস্থিতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন তিনি।

এরপর সকাল সাড়ে ৯টার দিকে প্রশাসক নিজ কার্যালয়ে সিটি করপোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে দপ্তর পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিক সেবা আরো গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

প্রশাসক আবদুল কাইয়ুম বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী রমজান মাসে সকাল ৯টায় অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রথম দিন হিসেবে আমরা বিষয়টি নিয়ে কঠোর কোনো ব্যবস্থা নেইনি। তবে এটি একটি স্পষ্ট বার্তা। আগামীতে অনুপস্থিতির বিষয়টি বিচার-বিশ্লেষণের আওতায় আনা হবে।’

রাহাত/সিলেট/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.