চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ‘কাচ্চি ডাইন’ নামের একটি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সূত্র জানায়, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। সেখানে তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি নজরে আসে। রান্নাঘরে স্যাঁতসেঁতে মেঝেতে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল, যা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং ‘মাওয়া’ নামের খাদ্যপণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেল ব্যবহার করার মতো অনিয়মও ধরা পড়ে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চকবাজার থানা পুলিশের (সিএমপি) একটি টিম সার্বিক সমন্বয় ও সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক বলেন, ‘জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে আমরা অভিযান করছি। অভিযানে কাচ্চি ডাইন নামের রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম দেখতে পাই। এসব অনিয়ম ও অপরাধের কারণে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।’
জনস্বার্থে এ জাতীয় তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









