ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সংক্ষিপ্ত ও ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি নিয়ে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে লেখা হয়, ‘মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে।’
স্ট্যাটাসটির ভাষা ও বক্তব্যের প্রকৃত অর্থ কী, কাদের উদ্দেশে এমন মন্তব্য করা হয়েছে কিংবা এর পেছনে কোনো রাজনৈতিক ইঙ্গিত রয়েছে কি না, তা নিয়ে আলোচনা চলছে।
তবে এ পোস্টের বিষয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার পক্ষ থেকে এখন পর্যন্ত আলাদা কোনো ব্যাখ্যা বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে মন্তব্যটি নিছক ব্যঙ্গাত্মক, নাকি এর মাধ্যমে কোনো বিশেষ রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।
রাজনৈতিক ব্যক্তিত্বদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত ও ইঙ্গিতপূর্ণ বক্তব্য প্রায়ই নানা আলোচনার জন্ম দেয়। রুমিন ফারহানার সাম্প্রতিক এই স্ট্যাটাসও তেমন আলোচনার বিষয় হয়ে উঠেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








