নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোরে পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে যাওয়ার পাশাপাশি ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়।
দগ্ধরা হলেন শাহীন আলম (৩০), তার স্ত্রী লিমা আক্তার (২৬), সাহেদ আলী (২৫) ও মো. হোসেন (২৪)। শাহীন ও সাহেদ সম্পর্কে ভাই। তাদের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার কুমারপাড়া এলাকায়। অন্যদিকে, লিমা ও হোসেনের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। রাতে গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও চুলার সংযোগের সুইচ খোলা ছিল। পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে তা ঘরের ভেতরে জমতে থাকে। শনিবার ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয় এবং ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়।
বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের রাইজারের সুইচ খোলা থাকলেও রাতে সরবরাহ বন্ধ ছিল। পরে হঠাৎ গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে ফ্ল্যাটের ভেতরে গ্যাস জমে যায়। সকালে চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে একজন নারী ও তিনজন পুরুষ দগ্ধ হয়েছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








