নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। তার দাবি, ক্যানসার বর্তমানে চতুর্থ পর্যায়ে রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি ইউটিউব চ্যানেলের টকশোতে অংশ নিয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান তিনি।
টকশোতে নিজের অসুস্থতা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, তিনি ক্যানসারে আক্রান্ত এবং রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’
তবে তার অসুস্থতার বিষয়ে এখন পর্যন্ত কোনো চিকিৎসা প্রতিবেদন বা হাসপাতালের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি তার নিজের দেওয়া বক্তব্যের ভিত্তিতেই জানা গেছে।
টকশোতে শারীরিক অসুস্থতার পাশাপাশি নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারাভোগ, আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এবং বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন তিনি।
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর প্রসঙ্গ তুলে শামীম ওসমান বলেন, আইভী জামায়াতের বিরুদ্ধে কথা না বলেও কারাভোগ করেছেন। মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি নিজেকে সবার মেয়র হিসেবে পরিচয় দিয়েছিলেন। বিএনপি কিংবা জামায়াতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দিলেও তাকে নয় মাস কারাগারে থাকতে হয়েছে বলে দাবি করেন তিনি।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার বিষয়ে শামীম ওসমান বলেন, একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বের দায় রয়েছে। বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা থেকে উত্তরণের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় নিজের বাসায় অগ্নিসংযোগের ঘটনার কথাও তুলে ধরেন শামীম ওসমান। ওই ঘটনায় ক্ষয়ক্ষতির স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








