খুলনার তেরখাদা উপজেলায় মাফিক সরকার (৪০) নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তর মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মাফিক সরকার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেন সরকারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য।
স্থানীয়দের বরাতে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস জানান, মাফিক সরকার মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। বন্ধুর মোড়ে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন অস্ত্রধারী তাঁর পথরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলির মধ্যে তিনটি মাফিকের কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় মাফিক সরকারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।
এদিকে খুলনা জেলা ও মহানগরে সাম্প্রতিক সময়ে হত্যা, হত্যাচেষ্টা ও গোলাগুলির ঘটনা বেড়েছে। পুলিশের হিসাব অনুযায়ী, চলতি বছরের সাড়ে ১০ মাসে জেলাজুড়ে ৭৮ জন হত্যার শিকার হয়েছেন। এ সময়ে গুলিতে আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক মাসেই অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন নয়জন। তাঁদের মধ্যে পাঁচজন খুলনা মহানগরে, তিনজন রূপসা উপজেলায় এবং একজন ডুমুরিয়া উপজেলায় নিহত হয়েছেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








