নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এতে বাসটির ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামমুখী মহাসড়কে প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে নিরাপদে সরে যান।
খবর পেয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দুটি ইউনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাসচালকের বরাত দিয়ে তিনি জানান, দুজন ব্যক্তি যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে আগুন লাগিয়ে দ্রুত নেমে যান।
তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন। তিনি বলেন, বাসে দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা নেমে যান। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








