কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বিশেষ যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যেতে সক্ষম হন।
তবে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তাঁরা উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা।
অভিযান শেষে উদ্ধার হওয়া ব্যক্তিদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









