জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর রেজাউল করিম বাদশা জানান, দলীয় চেয়ারম্যানের নির্দেশনা মেনে তার প্রতিনিধি হিসেবে সবাইকে সঙ্গে নিয়ে পিছিয়ে পড়া বগুড়াকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে চান এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে. এম. খায়রুল বাশারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, একাধিক আসনে বিজয়ী হওয়ায় এই আসনটি ছেড়ে দেন দলটির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপনির্বাচনে অংশগ্রহণের জন্য রেজাউল করিম বাদশাকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









