মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মাতা হুরন নাহার রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১ মার্চ) ভোর ৭ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যানসার রোগে ভুগছিলেন ।
হুরন নাহার রশিদ ছিলেন সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি ও মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী। মৃত্যুকালে তিনি দুই মেয়ে আফরোজা খানম রিতা ও পারভিন বেগম, তিন নাতি, দুই জামাতা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১ মার্চ রবিবার বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে তার জানাজা শেষে মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ-সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে তাকে দাফন করা হবে।
হুরন নাহার রশিদের মৃত্যুতে মানিকগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জেলার সংসদ সদস্যরা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন গণমাধ্যমকর্মী, মুন্নু গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়-স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মুন্নু সিটিতে ভিড় করছেন। তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিভিন্ন মহল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









