নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দাম্পত্য কলহের জেরে লাকি আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) রাতে উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্বামী মো. মোজাম্মেল হক ওরফে আরব আলী বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি রান্নাঘরের বাইরে থেকে খিল খুলে ভেতরে প্রবেশ করলে দেখতে পান, রান্নাঘরের ধন্নার (আড়া) সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলছেন লাকি আক্তার।
স্বামীর চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলার আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে কেন্দুয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, প্রায় সাত-আট বছর আগে তাদের বিয়ে হয়েছিল। দম্পতি নিঃসন্তান ছিলেন এবং কিছুদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ওই কলহের জেরেই এ ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









