ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাস স্টান্ডে এলাকায় ইফতারের সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি বসতঘর পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (০৪ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত হন মৃত আবুল হোসেন সিকদারের ছেলে মোহাম্মদ আসাদুজ্জামান পারভেজ।
স্থানীয়রা জানান, পারভেজের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুইটি ঘরে। এতে মোট তিনটি কাঠ ও টিনশেডের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, মূল্যবান মালামাল ও নগদ অর্থ ভস্মীভূত হয়।
খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিস–এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের সুনির্দিষ্ট কারণ বলেননি তবে অনুসন্ধানের পরে জানানো হবে।
তাৎক্ষণিকভাবে উপজেল নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









