ইরানে মার্কিন-ইসরায়েলি সামরিক হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোনার দুর্গাপুর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখা।
বুধবার (০৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সিপিবির সভাপতি আলকাস উদ্দীন মীর এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এছাড়া বক্তব্য রাখেন উদীচী দুর্গাপুর শাখার সভাপতি শামছুল আলম খানসহ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, আদিবাসী ইউনিয়ন, নারী সেল ও ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আগ্রাসী নীতির কারণে গোটা বিশ্ব নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকিতে পড়েছে। ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে আক্রমণ, শিক্ষা প্রতিষ্ঠানে বোমা বিস্ফোরণ এবং নিরীহ মানুষের প্রাণহানি এসব ঘটনাকে তাঁরা “মানবতাবিরোধী বর্বরতা” হিসেবে উল্লেখ করেন।
নেতৃবৃন্দ বলেন, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় সাম্রাজ্যবাদী আধিপত্য রাষ্ট্রগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে। ইরানে সাম্প্রতিক সামরিক অভিযানকে তাঁরা সার্বভৌমত্ববিরোধী আগ্রাসন আখ্যা দিয়ে এর বিরুদ্ধে বিশ্বজনমত গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশ থেকে বক্তারা বলেন, ফ্যাসিবাদ, যুদ্ধ ও পরিবেশ ধ্বংসের যে বৈশ্বিক সংকট তৈরি হয়েছে, তা থেকে মুক্তির একমাত্র পথ হলো ঐক্যবদ্ধ গণআন্দোলন। পৃথিবীর শান্তিকামী মানুষের পাশাপাশি বাংলাদেশের মুক্তিকামী জনতার প্রতিও তাঁরা এমন আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ও সংগঠিত হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









