নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রসুলপুরে ধনু নদের মুখ থেকে খালিয়াজুরী বাজার পর্যন্ত খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) উদ্যোগে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এই খননকাজ চলছে। এ কাজে সার্বিক তদারকি ও সহযোগিতা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম হোসেন শামীম।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় খালিয়াজুরী বাজার সংলগ্ন ধনু নদীর অংশ প্রায় শুকিয়ে পড়েছিল। বিশেষ করে কার্তিক মাসে পানির স্তর নেমে যাওয়ায় নৌযান চলাচল ব্যাহত হতো। এতে জেলেদের মাছ ধরতে সমস্যা এবং ব্যবসায়ীদের নদীপথে পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হতো।
মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহযোগিতা ও তদারকিতে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, খননকাজ শেষ হলে নদীপথে মালামাল পরিবহন সহজ ও সাশ্রয়ী হবে। দূর-দূরান্ত থেকে নৌপথে পণ্য আনা-নেওয়া বাড়বে এবং পরিবহন ব্যয় কমে আসবে। এতে খালিয়াজুরী বাজারকে ঘিরে বাণিজ্যিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন তারা।
অন্যদিকে জেলেরা মনে করছেন, ধনু নদে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে এলে মাছের উৎপাদন বাড়বে এবং তাদের জীবিকা আরো স্বচ্ছল হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই খননকাজ শেষ করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা, বহুদিনের স্থবিরতা কাটিয়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও মৎস্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









