বরিশাল গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার কসবা ইসলামিক মিশনের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, কুয়াকাটাগামী মাইক্রোবাসটি গৌরনদী উপজেলার কসবা এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী টেকেরহাট পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় তিন জন আহত হয়েছেন।
নিহত যাত্রীর নাম ইলিয়াস হোসাইন (৫০) মুন্সি বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহোরপাড়া গ্রামের মৃত ওয়াহেদের ছেলে। মাইক্রোবাস চালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামিম শেখ জানান, দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও টেকেরহাট পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









