কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণচরে এলাকায় এ ঘটনা ঘটে।
ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম জানান, এক অজ্ঞাত লোক গরু নিয়ে ব্রহ্মপুত্র নদীর পাড়ে যায়। এ সময় সেখানে নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা তাকে গরু চোর সন্দেহে আটক করেন। পরে গ্রামবাসী খবর পেয়ে ওই লোককে ধরে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্ত করা হবে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। বয়স হবে আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। গরুটি থানা হেফাজতে আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









