বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম

আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম

হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অবস্থিত লাইফ কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার সিলগালা ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গার ওই ক্লিনিকের পরিচালক ভুয়া ডাক্তার দম্পতি মামুন অর রশিদ শাওন ও গাইনি চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দেওয়া মাসুমা ফেরদৌস স্নিগ্ধা অভিযান টের পেয়ে পালিয়ে যায়। পরে লাইফ কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, দীর্ঘদিন ধরেই ওই ক্লিনিকের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। চিকিৎসক না হয়েও নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে তারা রোগী দেখতেন এবং প্রেসক্রিপশন প্যাড ব্যবহার করতেন।

তিনি আরো জানান, ক্লিনিকটিতে নিয়মনীতি না মেনে দীর্ঘদিন ধরে অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অভিযানে গিয়ে দেখা যায়, অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় ও মানসম্মত যন্ত্রপাতি নেই। এমনকি মোটরসাইকেলের ফগ লাইট অপারেশন থিয়েটারের লাইট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। একই ফ্রিজে খাবার ও ওষুধ সংরক্ষণ করা হচ্ছিল বলেও জানা যায়।

এ ধরনের বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেন এবং অপারেশন থিয়েটার সিলগালা করে ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

অভিযানের খবর পেয়ে ভুয়া ডাক্তার দম্পতি পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মানিক/চুয়াডাঙ্গা/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.