কুষ্টিয়ার ভেড়ামারায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসায়িক কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে।
শনিবার(৭মার্চ) রাত ৯টার দিকে ভেড়ামারা দক্ষিণ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুলিতে শুকুর আলী (৫৫) নামে স্থানীয় এক চা বিক্রেতা আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে ভেড়ামারা দক্ষিণ রেলগেট এলাকায় অবস্থিত শফিকুল ইসলাম ডাবলুর অফিস লক্ষ্য করে এ হামলা চালানো হয়।মোটরসাইকেলযোগে উত্তর দিক থেকে আসা চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি, যাদের মুখ বাঁধা ছিল এবং একজনের মাথায় হেলমেট ছিল, হঠাৎ করে একটি হাতবোমা (ককটেল) নিক্ষেপ করে। এরপর তারা পিস্তল ও শটগান থেকে প্রায় ১৪-১৫ রাউন্ড গুলিবর্ষণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় অফিসের পাশে থাকা চা বিক্রেতা শুকুর আলী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হামলার সময় অফিসের ভেতরেই অবস্থান করছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু। তিনি জানান, "প্রতিদিনের মতো অফিসে বসে হিসাবনিকাশের কাজ করছিলাম। হঠাৎ বাইরে থেকে অফিস লক্ষ্য করে ককটেল ও একের পর এক গুলি চালানো শুরু হয়। হামলাকারীদের মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারিনি। আমি তাৎক্ষণিক বিষয়টি থানাকে অবহিত করি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।" ঘটনা শুনে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
তিনি সাংবাদিকদের বলেন, "পৌর বিএনপির সাধারণ সম্পাদকের অফিসে এই নগ্ন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা স্থানীয় প্রশাসনকে বলেছি, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।"
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর তিনি সাংবাদিকদের জানান, "বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর অফিসে গুলিবর্ষণের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এই ঘটনার সাথে কারা জড়িত, তা উদঘাটনে সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









