শরণখোলা উপজেলার দক্ষিণ তাফালবাড়ি গ্রামে ২৫ নং এসবি তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সালেহ হাওলাদারে বসতঘর অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, জমির দলিল, বিভিন্ন সনদপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে শিক্ষক আবু সালেহ হাওলাদার জানান।
প্রত্যক্ষদর্শী যুবক মেহেদী হাসান জানান, দুপুরের দিকে হঠাৎ করে ঘরে আগুন লাগে। তাৎক্ষনিকভাবে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিস আসার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন বলেন, শুষ্ক মৌসুমে এ এলাকার খাল ও পুকুরগুলো সম্পূর্ণ পানি শূন্য হয়ে যায়। মানুষের স্বাভাবিক কার্যক্রম দুরুহ হয়ে পড়ে। তাই অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনায়ও কিছু করার থাকে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









