চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযানে ২২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার ও গ্রেফতারের ঘটনায় সীতাকুণ্ড থানায় তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ মঙ্গলবার (১০ মার্চ) খুলশী থানাধীন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, উদ্ধারকৃত অস্ত্রে রয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র (১ বিদেশি পিস্তল, ১ দেশীয় পিস্তল ও ১ এলজি), ২৭ পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, ৫৭টি অস্ত্র তৈরির পাইপ, ৬১টি কার্তুজ, ১,১১৩ রাউন্ড গুলি, ১১টি ককটেল বিস্ফোরক এবং পাইপগান তৈরির লেদ মেশিনসহ অন্যান্য সরঞ্জাম। এছাড়া নজরদারি কাজে ব্যবহৃত ১৯টি সিসি ক্যামেরা, ৩টি ডিভিআর, ১ পাওয়ার বক্স ও ২ বাইনোকুলারও উদ্ধার করা হয়েছে।

ডিআইজি পলাশ জানান, অভিযান শেষে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ রোধে দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এতে ১৩০ জন পুলিশ ও এপিবিএন সদস্য ও ২৩০ জন র্যাব, এপিবিএন ও আরআরএফ সদস্য মোতায়েন রয়েছেন।
অভিযান সোমবার ভোর ৬টা থেকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য ইউনিটের সমন্বয়ে পরিচালিত হয়। মোট ৩,১৮৩ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য অংশগ্রহণ করেন। অভিযানের মাধ্যমে সন্ত্রাসী আস্তানা, অস্ত্র কারখানা ও ওয়াচ টাওয়ার ধ্বংস করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র মজুদ এবং পাহাড় কেটে প্লট বিক্রি সহ অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এই বিশেষ অভিযান চালানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









