পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০২৫–২৬ অর্থবছরে নদীতে ঝাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণে জেলে প্রতি ১০০ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আমড়াগাছিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৬৬০ জন নিবন্ধিত জেলেকে ৮০ কেজি করে চাল বিতরণের নামে স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় ইউনিয়ন প্রশাসক টাকা নেওয়া শুরু করলে জেলেরা এর প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও আমড়াগাছিয়া ইউনিয়ন প্রশাসক মো. তারিকুল ইসলাম এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনের পর চাল বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠলে জেলেদের মাঝে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় যুবদলের সাবেক সদস্যসচিব তাহসিন জামান রুবেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলেদের কাছ থেকে অর্থ নেওয়ার প্রতিবাদ জানান। পরে পরিস্থিতি শান্ত হয়। এরপর সংশ্লিষ্ট জেলেদের কাছ থেকে অর্থ আদায় ছাড়াই চাল বিতরণ শুরু হয়।
এ ব্যাপারে স্থানীয় হোগলপাতি গ্রামের উপকারভোগী জেলে শহীদ হাওলাদার বলেন, চাল নিতে ইউনিয়ন পরিষদে এসে শুনি প্রতি জেলেকে ১০০ টাকা করে জমা দিতে হবে।
স্থানীয় ইউপি সদস্য মো. হারুন অর রশীদ সকল জেলেকে বলেন, ১০০ টাকা করে জেলে মাথাপিছু টাকা দিতে হবে। জেলেদের কেউ কেউ ওই টাকা জমা দিতে গেলে জেলেদের মাঝে ক্ষোভ শুরু হয়।
স্থানীয় হোগলপাতি গ্রামের জেলে গফফার হোসেন এদিনকে বলেন, ইউনিয়ন পরিষদে চাল নিতে এসে শুনি ইউপি সদস্যরা জেলেদের মাথাপিছু ১০০ টাকা করে চাঁদা দেওয়ার জন্য চাপ দেয়। ওই টাকা না দিলে জেলে প্রতি ৮০ কেজি চালের পরিবর্তে ৭০ কেজি দেওয়া হবে বলে জানানো হয়। এ নিয়ে জেলেদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে স্থানীয় যুবদল নেতা তাহসিন জামান রুবেল ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ জানালে প্রশাসন অর্থ আদায় ছাড়া চাল বিতরণ করেন।
আমড়াগাছিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা পাপথ প্রতিমা হাওলাদার এদিনকে বলেন, বিগত দিনে ইউপি চেয়ারম্যান ও তার পরিষদের মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে। এবছর নতুন প্রশাসকের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে। সরকারি নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে জেলেদের ৮০ কেজি করে চাল বুঝিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও আমড়াগাছিয়া ইউনিয়ন প্রশাসক মো. তারিকুল ইসলাম এদিনকে বলেন, আমরা পরিবহন খরচ বাবদ ১০০ টাকা করে নির্ধারণ করেছিলাম। পরবর্তীতে জেলেরা প্রতিবাদ জানান। সরকারি নীতিমালা অনুযায়ী চাল বিতরণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









