কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও অবৈধ ওষুধ জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
শুক্রবার (২০ মার্চ) ভোররাতে দৌলতপুর উপজেলার বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিলগাথুয়া মাঠ এলাকায় বিজিবির একটি চৌকস টহল দল অবস্থান নেয়। আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটের দিকে চোরাচালানকারীরা মালামাল নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ, ৫২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১২০ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্য ও ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, চোরাচালানকারীরা অবৈধভাবে এসব পণ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর উদ্দেশ্যে সেখানে মজুদ করেছিল। উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









