সোমবার (১৬ মার্চ) দিনাজপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে খানসামায়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে উপজেলায় বের করা হয় বর্ণাঢ্য আনন্দ মিছিল।
শনিবার (১৪ মার্চ) রাতে অনুষ্ঠিত মিছিলটি উপজেলার পাকেরহাট এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগান আর আনন্দের আবহ।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
উল্লেখ্য, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া গ্রামে প্রায় সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে একটি পুরাতন খাল পুনঃখননের উদ্বোধনের মাধ্যমে সারাদেশে একযোগে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগ ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে বাড়তি উৎসাহ ও আনন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









