রংপুরে দেড় বছর বয়সী ছেলেকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাজাপুর এলাকার নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সূচনা ঘোষ (৪০) ও তার শিশু সন্তান জয়দেব ঘোষ। সূচনা ঘোষের স্বামী শংকর ঘোষের (৪৫) একজন শারীরিক প্রতিবন্ধী ও মুদি দোকানদার।
পুলিশ জানায়, সূচনা ঘোষ তার দেড় বছরের ছেলে জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে নিজে আত্মহত্যা করেছেন। বিষয়টি জানালার ফাঁক দিয়ে প্রথমে দেখতে পায় তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্বামী শঙ্কর ঘোষ জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। বিভিন্ন সময়ে তাকে এ বিষয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তার ধারণা, মানসিক অবসাদগ্রস্ত থেকেই ছেলেকে হত্যা করে তার স্ত্রী নিজেও আত্মহত্যা করেছেন।
তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, অভাব অনটন ও পারিবারিক অশান্তিতে ছিল পরিবারটি। তবে পারিবারিক কলহ থেকে নাকি মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটছে তা তদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









