খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৫ মার্চ) ভোরে দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন রূপসার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি একনলা বন্দুক, একটি দেশীয় ‘ওয়ান শুটার’ গান, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ককটেল জব্দ করা হয়।
এ সময় খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়। আটকরা হলেন— সিরাজ মোল্লা (৫৫), মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭)। তারা সবাই নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









