গাজীপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নূরুল করিম ভূঁইয়া।
গতকাল রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. নূরুল করিম ভূঁইয়া বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাঁকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রশাসনিক ক্যারিয়ারের আগে তিনি সাংবাদিকতায়ও যুক্ত ছিলেন।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে ২০০৩ সালের ২৩ জুলাই থেকে ২০০৪ সালের ৪ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নেন।
প্রশাসনিক সূত্রে জানা যায়, অতীতে রাজনৈতিক মতাদর্শের কারণে তিনি দীর্ঘ সময় পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে ২০২৪ সালের জুলাই–আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। ওই বছরের ১৩ আগস্ট তিনি সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান, যা ভূতাপেক্ষভাবে ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে কার্যকর করা হয়।
পদোন্নতির পর প্রথমে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়। পরে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে পদায়ন করা হয়।
একই বছরের ১৬ নভেম্বর তিনি বিসিএস ২৫তম ব্যাচ অল ক্যাডার ফোরামের সভাপতি নির্বাচিত হন।
এর আগে তিনি ২০১৪ সালের ৩ মার্চ থেকে ২০১৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত ঢাকার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ১ মার্চ গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনকে প্রত্যাহার করা হয়।এরপর নতুন করে মো. নূরুল করিম ভূঁইয়াকে এ পদে নিয়োগ দেওয়া হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









